বুধবার, ২২ মে, ২০২৪

সঙ্গমচিত্র

 সঙ্গমচিত্র

- সাকিব জামাল


বইছে উষ্ণ হাওয়া এলোমেলো কামনার ঝড়ে

বিরহে বিষন্ন মেঘ ছুটে চলেছে শূণ্যতার বুকে

হঠাৎ মিহি সুরে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত

সময়ের সমস্ত অভিমান 

কর্পুরের মতো উড়ে যায় তখন 

মেঘ ভেঙে চুরে হয় গুঁড়ো গুঁড়ো 

বাতাস ভিজে যায় প্রেমে।

আমরা বলি, আহ্! বৃষ্টি নেমেছে তীব্র সুন্দর!

বাবা

 বাবা

- সাকিব জামাল


বাবা আমার প্রাণের মানুষ 

মনের মানুষ 

এই না ভুবনে, 

বাবার মতো আপনজন 

হয় কোন জনে?



কতো দুঃখ কতো কষ্ট 

কতো ত্যাগের ফলে,

গড়ে দিলেন আমার জীবন

এই ধরা তলে। 

নিজের সুখের কথা তিনি

ভাবেন নাই মনে!

জানি না সেই বাবা আমার, 

কেমন আছেন ঐ দূর গগনে?

বাবার মতো আপনজন 

হয় কোন জনে।।



খোদার কাছে তাই মিনতি

ওগো রহমান, 

আমার বাবাকে দিও তুমি

জান্নাত ও সম্মান। 

সুখে রেখো

সুখে রেখো তাকে তুমি

পরকালের ক্ষণে।

বাবার মতো আপনজন 

হয় কোন জনে।।



(গানের কবিতা)

-------

দৈনিক বাংলাদেশের খবর এ প্রকাশিত।

এক কৃষ্ণ জনম

 এক কৃষ্ণ জনম

- সাকিব জামাল


আইও বৃষ্টি, আইও...

আইও রাইতের কালে,

এক দান লুডু খেলবার মনে লয়

প্রাণসই'র লগে!

যদি সাপের মুখে পড়ি

ভয় নাই;

আমিতো ফানা হতে চাই প্রেমে! 

আর যদি দেখা মেলে দ্রুত পথের মই,

বলবো সই, দান ফেরত; 

ঝড়ুক না বৃষ্টি আরও দীর্ঘক্ষণ!

এভাবে যাক না কেটে

এক কৃষ্ণ জনম!

ধানপ্রেমের হাইকুগুচ্ছ

 ধানপ্রেমের হাইকুগুচ্ছ

- সাকিব জামাল


ধানের ঘ্রাণে

চাষীর প্রেমে পড়ি

শহুরে প্রাণে!



কৃষক হাসে

ফসল প্রেমে তাই

কৃষ্ণাণী ভাসে!



নব লাঙল

উত্থিত জমি প্রেমে

গণ মঙ্গল!



উঠোনে ধান 

স্বদেশ পরিবারে

প্রেমের গান!

শ্রমিক অধিকার

 শ্রমিক অধিকার

- সাকিব জামাল


শ্রমিক অধিকার 

ফেল করা আদু ভাই হয়ে

একই ক্লাসে পড়ে আছে

বছরের পর বছর।

শনিবার, ১১ মে, ২০২৪

ছায়ানীড়

 ছায়ানীড়

- সাকিব জামাল


বিরহদগ্ধ তাপের আগুন থেকে বাঁচতে

তোমার মনে লাগতে চাই- 

সবুজ বৃক্ষ প্রেমের!

একটু জায়গা দিও, প্রিয়।

তারপর, তোমার ছায়া 

এবং ছায়ার মায়ায়

বৃক্ষ শেকড়ে বাধবো জীবন

শাশ্বত সুন্দর- বিরহহীন অনন্তকাল!

জলপদ্ম

 জলপদ্ম

- সাকিব জামাল


পৃথিবীর সাথে জীবনের প্রেম 

শুরু ছিল জলের মায়ায়।

জলকে বিশ্বাসে রেখো, প্রিয়তমা।

পবিত্র রেখো, প্রেমিক।

ফুটুক পদ্মফুল হৃদয় কাবায়!

দীর্ঘশ্বাস

 দীর্ঘশ্বাস

- সাকিব জামাল


পুড়ছে দেহ, পুড়ছে মন।

কী নিদারুণ উত্তাপ উৎসব সর্বত্র!

পুড়ছে জল

             বায়ু 

                  মাটি

স্বদেশ। পৃথিবীর দীর্ঘশ্বাসে-

প্রতিদিন উত্থিত হচ্ছে উষ্ণতার শিশ্ন! 

মায়াবী সবুজ খেকো বেপরোয়া সভ্যতায় 

চৌচির দিগন্ত শ্বসন জটিলতায় 

আক্রান্ত ভীষণ!

প্রেমহীনতার বিনিময়ে, দেখা যাক,

সইতে পারো কতো ডিগ্রি সেলসিয়াস?

মানুষের অথবা পৃথিবীর 

দীর্ঘশ্বাস কিন্তু সবসময়ই গরম!