রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

সময় যখন একলা চলার

কার পানে চায় চোখ, কোন মনে রাখে আপন মন ?
সময় যখন একলা চলারঃ পার্থক্যহীন দিন-রাত-ক্ষণ!
ঘুরছে ঘড়ি, ঘুরছে মানুষ, ঘুরছে গোলক-
সম্পর্ক বদলে যায়, বদলে যায় প্রেমের শ্লোক!
বাঁচবো না তোমায় ছাড়া, ছাড়বো না তোমায় কোন কালে-
চলে না এসব কথা, ভুলছে সবাই- ভুল প্রেমের ভুল চালে!
এই আত্মকেন্দ্রিক সভ্যতায় বহতা সময় যখন একলা চলার-
কেউ থাকেনা আশেপাশে মুখোমুখি বসে দুটো মনের কথা বলার!
বনলতা কিংবা লাবণ্য... কেউ থাকেনা...
কেউ না...

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

বিজয় ফুল

বিজয় ফুল

- সাকিব জামাল
আয় বন্ধু খুশি মনে-
ইশকুলেতে যাই,
ইশকুলেতে গিয়ে মোরা
'বিজয় ফুল' বানাই।

বিজয় ফুলের মানে-
এসো, তুমি আমি জানি,
ছয় পাঁপড়ি মানে ছয় দফা,
মাঝে- উজ্জ্বল ৭ মার্চ খানি।

'বিজয় ফুল' পরি বুকে-
মুক্তিযুদ্ধের চেতনায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলা-
গড়ে তোলার বাসনায়।

ফড়িং নেতা

ফুড়ুৎ ফুড়ুৎ ফড়িং ওড়ে রাজনৈতিক ময়দানে,
আদর্শ ভেসে যায়- স্বার্থ স্রোতের কলতানে!!
মিষ্টি মধুর কথা বলে, একবার বসে এই ডালে, 
না মিললে ব্যক্তি স্বার্থ- উড়াল দেয় ঐ ডালে ।
ডালে ডালে ছলে চলে- নিত্য নতুন বাসাতলে,
আদর্শ চুলোয় যাক- যাক না সব রসাতলে!
ফড়িং নেতার রূপ ধরে, ফুড়ুৎ ফুড়ুৎ ডাল বদল- 
চলছে ভীষণ সবখানে, জনতা শুধু খায় ধকল!
অভাগা জনতা জনম জনম-চেয়ে থাকে কার পানে, 
সময় কাটে বৃথা তাদের আর্দশিক নেতার সন্ধানে!

আয় রাধিকা আয়

গাদা ফুলের মালা দেব
তোর প্রেমের গলায়,
একা কৃষ্ণ বাশি বাজায়
আয় রাধিকা আয় ।।

সবার চোখ ফাকি দিয়ে
গঙ্গা পাড়ে চল,
লাজ ভেঙ্গে মিস্টি হেসে
ভালোবাসি তুই বল ।
জনম জনম সাধনারত
আমি তোরই অপেক্ষায় ।।
আয় রাধিকা আয় ।।

অসীম প্রেমে অসীম সুখে
মেতে উঠি আজ,
প্রেমের ফুলে অলি বসে
কাটুক সকাল সাজ ।
সৃষ্টির সাথে কৃষ্টির মিলন
শঙ্খ সুরে গায় ।।
আয় রাধিকা আয় ।।

বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

বরং ভাবো- বেঁচেছো তুমি

ফুলের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়ায় দুষ্ট ভ্রমর,
অঙ্গে অঙ্গে, ঢঙ্গে ঢঙ্গে, রঙ্গ করে ঢের!
প্রেমের ছলে, কৌশলে কৌশলে, মধুবন উজাড় করে উড়াল মারে অন্য ফুলে,
অপরিপক্ক বোধনে আমোদিত ফুল আবেগে বলে- এসো কিন্তু ফের ।
ভ্রমর আর ফেরেনা! আর ফেরে না!
পূর্ব ইতিহাস গোপন করে- নতুন ফুলে ঠোট ছোঁয়ায় পাক্কা সেয়ানা!
দুঃসংবাদ ভেসে যায় বাতাসে বিরামহীন বেগে-
শুনে কুমারিত্ব হারানো ফুল যায় রেগে,
দুঃখ করে বলে, এ জীবন রেখে কি লাভ- বিষ খোঁজে, 
অনিয়ন্ত্রিত আবেগ জীবনের মানে- না বোঝে, না বোঝে!

আরে বোকা ফুল! কার জন্য আকুল? কার জন্য করতে চাও আত্মহনন?
চরিত্রহীন, প্রতারক, লোভীর জন্য- চাও নিজের মরন? 
বরং ভাবো- বেঁচেছো তুমি ।
বড় বাঁচা বেঁচেছো তুমি ।
দূর্ঘটনা মানতে শেখো, সৌরভ ছড়াও, বিশ্বাস রাখো- ফুল তুমি এখনও আছো ফুল,
নিজেকে গড়ো, ভালোবাসো, স্বপ্ন সাজাও, ভুলে যাও অতীত ভুল ।