বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

অনিবার্য বিচ্ছেদ

 অনিবার্য বিচ্ছেদ

- সাকিব জামাল


অবিশ্বাসে যখন মনের আড়াল হয় মন, 

অতীত স্মৃতিগুলো- 

সাদাকালো হয়ে যায়!

রঙিন প্রেমের- 

সব ধমনী, শিরা, উপশিরা 

ভোগে ভীষণ রক্ত শূন্যতায়!

ভালোবাসা তখন ক্লিনিক্যালি ডেড! 

শুরু হয়...

প্রাণহীন, একা থাকার দিন।

অবিশ্বাসে অনিবার্য বিচ্ছেদ।।

নফস

 নফস

- সাকিব জামাল


চাঁদের পাশে মেঘেরা ভাসে

প্রেমের পাশে ভাসে বিরহ!

তোমার ভেলায় ভাসি আমি

আলো আঁধারের গল্পসহ!

অবরুদ্ধ সত্যগান

 অবরুদ্ধ সত্যগান

- সাকিব জামাল


মাঝেমাঝে দু, একটি 'গায়ক' পাখি উঁকি দেয়,

কথা বোনে, করে সত্যের গান!



তখন হঠাৎ... 

আকাশে ওড়ে শকুনের দল, 

সাঙ্গোপাঙ্গরা চিল, ঈগল!

গায়ক পাখিদের ভয় দেখায়,

বলে ইঙ্গিতে, ইশারায়-  

"যদি কথা কও, গাও গান 

আর আমজনতা শোনে,

টুঁটি চেপে ধরা হবে, 

গেলে যেতেও পারে প্রাণ!"



এরপর থেকে... 

কন্ঠে অথবা কলমে- 

কথা ও গান অবরুদ্ধ হয়ে পরে দিন দিন!

শনিবার, ১৫ মে, ২০২১

যুগপথ অতৃপ্তি

 যুগপথ অতৃপ্তি

- সাকিব জামাল


একটি কালো ভ্রমর বসেছিল গোলাপের বুকে। 

গল্প চলছিলো অন্তরঙ্গ প্রেমের। 

গল্প চলতে থাকে, 

অথচ দু'জনে কল্পনায় ভাসে ভিন্নতায়!

আনমনে, ভ্রমর উড়ে যায়- 

রক্তজবার বুকে!

গোলাপ অনুভব করে- 

রঙিন প্রজাপতির ছোঁয়া!


আত্মার অমিলনে যুগপথ অতৃপ্তি দেহজ যুগলে!

সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

 সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

- সাকিব জামাল


যে উদ্যান থেকে এসেছিল একদিন 

স্বাধীনতা ও মুক্তির ডাক,

সে উদ্যানকেই অবরুদ্ধ করতে আজ 

বণিকেরা ছেড়েছে হাঁক!

গাছ কেটে হবে রেস্তরাঁ রঙমহল, 

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে!

হবে কার্বন নিঃসরণে তুমুল কেনাবেচা,

অক্সিজেন নিয়ে কেড়ে সমূলে!

নানান পাখি হবে সব নীড়হারা 

গাইবে না মধুর সুরে গান,

নান্দনিক প্রকৃতি হবে ছুরিকাহত,

হবে শ্বাসরুদ্ধ শহুরে প্রাণ!

পুঁজিবাদের রুজিমুখী ঘোরাফেরায়

হবে মনের বিকাশ বন্ধ,

একটু একটু করে বাড়বে 'দখল' 

সোহরাওয়ার্দী হারাবে ছন্দ!



অবশ্য, তাতে কার কী আসে যায়? 

কার করে খানিক মাথা ব্যথা?

তবে উদ্যান নিরবে কাঁদে! 

ভাবে, না-জানি সে কবে হারায়- 

স্মৃতিচিহ্নের নান্দনিকতা, 

ভাবগাম্ভীর্যের বিজয়গাঁথা।