শনিবার, ১৪ মে, ২০২২

খ অথবা প্রাক্তন

 খ অথবা প্রাক্তন

- সাকিব জামাল


খ, দিগন্ত ছাপিয়ে তোমার,

রাতের তুমুল অন্ধকারে ভেসে আসে

ফের রজনীগন্ধার সৌরভ। আমি কেঁপে উঠি-

প্রেম ফোবিয়ায়!

ঠিক, একলা পাখি যেমন উড়ে বেড়ায় তোমার বুকে,

একবার নীড় হারিয়েছে যে!

দূরে ডাল খুঁজে পেয়ে হুতোম প্যাঁচা ডাকে। 

ভয়ে, তোমায় জড়িয়ে ধরতে চাই আমি!

যদিও রূপ রয়েছে তোমার- 

এক আশ্চর্য আশ্রমের, 

অথচ, শূন্যতার অসীম নদী!

রক্তজবা

রক্তজবা

- সাকিব জামাল


রক্তজবা আমায় দারুণভাবে ডাকে- 

থরে থরে সাজানো দ্রোহ-লালের ভাঁজে! 

কথা হলো, দুজনে একদিন- 

এখনকার অস্থির সময় নিয়ে। 

হেসে বলে, "এই জনমে- 

দ্রোহই ভালো। দ্রোহই আলো। 

জ্বলে ওঠো- চোখ জুড়ানো প্রেমে!"

সত্যি, ঠেঙিয়ে দিবো কিন্তু!

 সত্যি, ঠেঙিয়ে দিবো কিন্তু!

- সাকিব জামাল


স‍ত্যি, ঠেঙিয়ে দিবো কিন্তু এবার,

যদি কেউ সাজো নব্য রাজাকার!

না-থেকে দেশের পথে, 

যদি চলো ভিনদেশি রথে!

ত‍বে বিদায় নাও, ছেড়ে এ বাংলা আমার।

-------------------------

উৎসর্গঃ কবি আব্দুল হাকিম। (১৬২০-১৬৯০)

চৈত্রযাপন

 চৈত্রযাপন

- সাকিব জামাল


বাতাসে ভাসিয়ে দাও- তোমার অভিমান সকল।

চৈত্র দহনকালে- 

বাষ্প হয়ে উড়ে যাক চোখের জল।

তারপর, হাসো! হাসো, একেলা প্রেমে।

একাকিত্ব উপভোগ করো- ভীষণ ভালোবেসে!

তৃপ্ত আত্মার জোড়ে, চৈত্রযাপন শেষে-

তুমিও বলতে পারবে,

"বেশ ভালো আছি, এই একা আমি!"

বাতাসে ভাসিয়ে দাও- তোমার অভিমান সকল।।

একগুচ্ছ হাইকু

 একগুচ্ছ হাইকু

- সাকিব জামাল


১.

বুকে এখন,

ফাটা বাঙ্গির মতো-

কষ্ট লগন!



২.

চৈতালি দিনঃ

সিক্ত প্রেম হাওয়া,

বাষ্পে বিলীন!



৩.

শিমুলে রঙ,

দ্রোহ প্রেমিক খোঁজে- 

হারানো ঢঙ!



৪.

ফাগুন শেষে,

কর্পুরে প্রেম মেশে-

দহন গ্রীষ্মে!



৫.

আউলা মন,

বসন্তেও বেদনা

নিত্য যখন!