শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

দুঃখতমা

 

দুঃখতমা

- 

দুঃখতমা, কেন তুমি আমাকে এত্তো ভালোবাসো?


তোমার প্রেমে মাতাল আমি-
আমার প্রাক্তন সুখ-প্রেমিকাদের মনেই রাখি না।
তারা যেন সবাই-
তোমার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক,
জীবন, একটু চুমু খেতেই হারিয়ে যায়!
আর ফিরে আসে না। জোছনা শেষের গানে-
অমাবস্যার ফুল ফুটে ওঠে চারদিক!
আমি তোমাকেই ফের জড়িয়ে ধরি- অদ্ভুত মায়ায়!


দুঃখতমা, আমাকে কী আরেকটু কম ভালোবাসা যায় না!


লালনিক রেইন

 

লালনিক রেইন

- 

কুসুম গরম মেঘলা দিনে-
শারদীয় শুদ্ধজল নামবার ক্ষণে, কাছে এসো, লালনিয়া।
আঙুলে আঙুল ধরো। ঠোঁটে ঠোঁট বাঁধো।
সভ্যতার জীয়নকাঠির বৈঠায়-
বাইতে দাও নাও, উজানে!
বৃষ্টি নামুক- মহাজাগতিক সৌরভে।
আর, আমাদের মস্তিষ্কজুড়ে ফুটুক-
পবিত্র পদ্মফুল, বিরামহীন।


শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মনপাখি

 মনপাখি

- সাকিব জামাল


একটি পাখি, উড়ে উড়ে ঘুরে বেড়ায়-

মনের আঙিনায়!

নাম কি তার জানি না,

বাসা কোথায় চিনি না,

দিনরাত তবু ডুবে থাকি-

তারই কামনায়।।



পাখিটি রূপে কালো গুণে সাদা,

কাজল চোখ প্রেমে আঁকা,

অঙ্গে অঙ্গে জমে আছে ভীষণ মমতা!

সেই পাখিটির জন্যই আমার-

মনটা পাগলপ্রায়।।



পাখিটি যখন ডাকে প্রেমের সুরে,

থাকা যায় না আর যে দূরে।

কাছে যাবার পথ জানি না, আমি-

মরি যন্ত্রণায়।।

কোথাও নেই হিমু!

 কোথাও নেই হিমু!

- সাকিব জামাল


জীবনের বাস্তবতায়-

হারিয়ে গেছে হিমু হবার সাধ!

কলো কালো রঙের থাবায়-

প্রশান্তির হলুদেও মিশেছে বিষাদ।

মনের কোণে নেই সবুজ মাঠ। 

শুধু কংক্রিটে রূপান্তর প্রকল্প চলে হালে।

উদ্দীপ্ত নিউরনসমস্ত নিমগ্ন আজ- 

অনাকাঙ্খিত লৌকিক মায়াজালে।

অবশেষে,

ধীরে ধীরে নেমে আসে-

প্রেমিকাহীন জীবনানন্দের মতো অবসাদ।

হারিয়ে গেছে হিমু হবার সাধ!

স্বর্গগন্ধা মেয়ে

 স্বর্গগন্ধা মেয়ে

- সাকিব জামাল


স্বর্গফুলের ঘ্রাণ আমি পৃথিবীতেই পাই,

যখন তুমি ফোটো আমার মনের আঙিনায়!

ভাঁজে ভাঁজে তোমার- 

সুখের নহর, ডাকে আমায় অষ্টপ্রহর!

কল্পনায় উড়ি আমি- 

প্রজাপতির ডানায়! বাহানায়, বাহানায়-

কেটে যায় সময়। অন্তিমে নিজেকে হারাই-

ক্ষুধার্ত মাকড়সার জালে! 

বাঁচবার উপায় বলো, মেয়ে, ইহকালে!