শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

একটা বিকেল দিও আমায়!

একটা বিকেল দিও আমায়!

- সাকিব জামাল


পাখিস্বভাব আমার! 

উড়তে চাই, ভীষণ উড়তে চাই

তোমাকে নিয়ে- 

এক বিকেল। 

তুমি, একটা বিকেল দিও আমায়!

খুব বেশি দূর যাবো না।

শাহবাগ। আজিজ মার্কেট। 

চারুকলা। টিএসসি। কার্জন। 

যখন, সন্ধ্যারঙ আকাশে লাগবে-

ঠোঁটের চুমুতে চুমুতে,

প্রিয় বৃক্ষের বুকে বানানো-

কোমল কোঠায় 

ফিরে আসবো একা! 

এক বিকেল স্মৃতির মিউটেশন করে, 

আমৃত্যু বেঁচে থাকতে আপত্তি নেই আমার!

তুমি, একটা বিকেল দিও আমায়!

---------





এখনো ঘুমাও নি তুমি

 এখনো ঘুমাও নি তুমি?

- সাকিব জামাল


রাত্রির গভীরতা বাড়তে থাকে

চাঁদ ঘুমতো যায় সূর্যের দেশে!

নির্জনতার মাধুরী মেশানো রবীন্দ্রনাথ সঙ্গীতের সুর 

ধীরে ধীরে রূপ পাল্টাতে থাকে ভৈরবী রাগে!

একের পর এক নিভতে থাকা 

শহুরে বাতিগুলো নিমন্ত্রণ করে 

রোমান্টিক গাঢ় অন্ধকার! অথচ...

এখনো ঘুমাও নি তুমি?

যতো রাত জেগে থাকি,

এ কথাটি আমায়- 

এখন আর বলে না কেউ!

শিশির পড়ে চুপি চুপি

 শিশির পড়ে চুপি চুপি

- সাকিব জামাল


শিশির পড়ে চুপি চুপি

রাত্রির বুকে,

চাঁদের জলে চাঁদ ডুবে যায়

উষ্ণ সুখে!

ভোরের নেশায় ঘোরে কাটে

যুগল যাপন,

শুদ্ধ স্নানে- মুগ্ধ ফুলের 

সকল কাঁপন!

বিরহমুখর দিনকাল

 বিরহমুখর দিনকাল

- সাকিব জামাল


তোমার সাথে সব সম্পর্ক শেষ আমার! 

এমনসব কথাবার্তা শোনার পরেও-

যুগল স্মৃতির ফোল্ডারসমূহ,

কতোবার যে রিসাইকেল বিনে পাঠিয়েছি

আবার রিস্টোর করেছি- 

হিসাব বিহীন। নিয়ন্ত্রণহীন!

নদীর জলে শুশুকের মতো উঁকি দেয়, মস্তিষ্কজুড়ে- 

ফেলে আসা দিন। অস্থির নিউরন।

তুমি চলে যাবার পর, স্ট্রেসফুল একাকীত্বের পথে- 

এখন চলছি অবিরাম। অত্যন্ত বিরহমুখর!

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

হিমার্দ্র দিনরাত

 হিমার্দ্র দিনরাত

- সাকিব জামাল


পৌষবৃষ্টি। হিমার্দ্র দিনরাত।

মন উচাটন!

উষ্ণতার জন্যে- 

তোমার স্পর্শ প্রয়োজন।



বিরহ বরফ ভেঙে-

দেখা দাও, সূর্যসখি।

ঝরাপাতার জীবনে

একটু সজীব চুমু মাখি!