মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

স্বাধীনতার গান

 স্বাধীনতার গান

- সাকিব জামাল


স্বাধীনতার মানে, 

জানে বনের পাখি জানে!

ইচ্ছে খুশি-           

      উড়তে পারে, ঘুরতে পারে, 

গাইতে পারে গান।

আমার কাছে ভীষণ প্রিয়- 

পাখির সংবিধান!



পাখিদের দেখাদেখি,

লাল সবুজের ছবি আঁকি।

হবো আমি-           

      মুক্ত ভূমির মুক্ত পাখি,

স্বাধীনচেতা প্রাণ।

পাখির মতো গাইবো আমি-

স্বাধীনতার গান!

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

প্রেমের কাফেলা

প্রেমের কাফেলা
- সাকিব জামাল

কামনার প্রাচীর পেরিয়ে প্রিয়তম প্রান্তরে
যাচ্ছি আমি। ভালোবাসার গন্তব্য বহুদূর। 
যতদূরে থাকে 'মুহিব্বি' আমার,
থাকে মায়াবী রোদ্দুর!
জানি, তোমার শহরেও হয়ত
মেঘলা দিনকাল এখন।
চলছে মন খারাপের
তুমুল সব আয়োজন!
এসো, সিদরাতুল মুনতাহা'র গল্প
শুনে শুনে, উড়িয়ে দেবো দুর্দিন-
শিমুল তুলোর মতো। সঙ্গী হবে? 
হয় হোক পথটুকু আমাদের যতটা কঠিন!

ঘাস বৃত্তান্ত

 ঘাস বৃত্তান্ত

- সাকিব জামাল


আমি ঘাস। ছোট বড় ঘাস। 

আমায়, ছাগলে খায়। 

গরুতে খায়...

মাঝেমধ্যে দুষ্ট নেতারাও খায়!



আমি ঘাস। ছোট বড় ঘাস। তবে,

ইচ্ছে আছে, পরজনমে- মশা হবো!

ছাগল কামড়াবো। 

গরু কামড়াবো।

সুযোগ পেলে-

সবার সাথেই শোধবোধ মেটাবো!

ক্যামোফ্লাজ

 ক্যামোফ্লাজ

- সাকিব জামাল


শাড়ির আঁচলে লুকিয়ে রাখে

বিরহ কিতাব, সই!

অবিরত পাঠে ক্লান্ত হয়ে

শূণ্যে ডুবে রই!

শূন্যতার মাঝে চেয়ে দেখি

এক শালিকের মুখ,

এলোমেলো নীতির বাতাস

ভাসিয়ে নেয় সুখ!

একটু দূরে অভিজাত ঘরে

আনন্দে নাঁচে চড়ুই, 

আমার শালিকের রূপ বদলে

চড়ুই হলো দুই!

তারা জোট বেঁধেছে দেহে দেহে

মন রেখে তেপান্তর,

আমি হলাম প্রবাস পথিক

আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!

 আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!

- সাকিব জামাল


প্রেমিকার দেয়া রুমালের মতন-

যতক্ষণ থাকো কাছে, বেশ থাকি।

একটু শূণ্যতা অনুভবে, ভুগি ফেইক ডিজিজে!

মাথা ভনভন করে, দৌড় মারি নিউরোসাইন্স হাসপাতালে।

অথচ, কর্তব্যরত ডাক্তার বলেন, ভালোই আছেন! 

ধীরে ধীরে হেটে আসি-

সোহরাওয়ার্দী উদ্যানে। ভাবি, মহাবিশ্ব কি একটাই?

নাকি আরও পৃথিবী আছে?

কারেন্সি ফ্রি পৃথিবী! ওয়ার ফ্রি পৃথিবী!

ভাবতে ভাবতে ঝাপসা চোখে, দেখি, 

হঠাৎ আমার নিজের ছায়াটাই মাটিতে নাই।

বুঝে ফেলি, জাদুবাস্তবতায়-

টাকার উত্তাপে পুড়ে ছাই হয়ে গেছে শুদ্ধ সময়।

অচিন এক দ্রোহের পৃথিবীতে ছুটে যাই তখন।

বহুমাত্রিক ক্ষোভে, মন বলে, এখানে তুমিই সেরা! 

শুনে দেই ভোঁদৌড়-

শাহবাগের চৌরাস্তায়। চিৎকার করে বলি,

এই রাশিয়া, এই আমেরিকা,

যুদ্ধ থামা। যুদ্ধ থামা!

আমায় দেখে লোকে হাসে। বিচ্ছিরিভাবে হাসে!

(হয়তো তাদের অঢেল টাকা আছে 

অথবা যুদ্ধ ভালো লাগে!)

অথচ তাদের হাসি দেখে-

আমি উন্মাদ হয়ে যাই। একা একা বলি,

আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!