শুক্রবার, ১ মার্চ, ২০২৪

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

 টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

- সাকিব জামাল


গভীর রাত। বৃষ্টি নেমেছে। বসন্তের প্রথম বৃষ্টি।

আধো আধো ঘুম নিয়ে দু'চোখে বসে আছি।

বসে আছি কার অপেক্ষায় জানি না! 

জানি না, কেন বসে থাকি?

তবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে!

বসন্তদিনের এক সন্ধ্যায় আমাদের কথা হয়েছিল। 

কথা হয়েছিল ফিলোসফি'র তুমুল আড্ডায়। 

হঠাৎ বৃষ্টি! হারিয়ে গেলাম আমরা জলের খেলায়!

বিতর্কের বাঁকে বাঁকে আমি আস্থা রেখেছিলাম

কসমিক রিলেশনশিপে!

মেটাভার্সের যেথায় থাকি, সাইকোলজিকালি যদি 

ভাবনা থাকে এক। দেখা হবে আমাদের! 

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

নিঃসঙ্গ ডাহুকের গান

 নিঃসঙ্গ ডাহুকের গান 

- সাকিব জামাল


নক্ষত্রদের মেলা এড়িয়ে

আমি হতে চাই, এক নিঃসঙ্গ ডাহুক!

জলসিক্ত মমতার মাটি স্বদেশ আমার, 

শাপলা, কচুরিপানার সৌরভমাখা।

তোমরা অপছন্দ করো কবিতা?

তবে মেখে নাও নিয়নের রোশনাই-

অভিজাত শহরে, ইন্দ্রিয় গন্ধে অথবা গন্ধমে 

ভালোবাসা তোমাদেরই হোক!

আমি? বিরহ শেকড়ে; কবি। ডেকে ডেকে 

কন্ঠে ফোটাই রক্তরঙ-আপত্তিহীন!

----------


শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

হ্যালুসিনেশন

 হ্যালুসিনেশন

- সাকিব জামাল


প্রগাঢ় জোছনা। শাদা লাউফুলের মত 

ফুটে আছে চাঁদ। শিহরিত জমিন কাঁপছে 

জোনাকি জলের ছোঁয়ায়। 

উচ্ছাস অবাধ।

বিভ্রম নাঁচে মস্তিষ্কজুড়ে আমার!

দেখি, তুমি হাসছো। 

ভীষণ রহস্যময়!

আলতা পায়ে একটি রাজহংসী তখন 

হেলে দুলে নদীর দিকে যায়, এত রাতে

স্রোতের বিপরীতে আনন্দ খেলায়।

হঠাৎ একটি নিঃসঙ্গ পাথর এমন সময়ে

বিদীর্ণ হয়ে ঝর্ণার গান গায়

ছলাৎ, ছলাৎ...

অধরা চাঁদ

 অধরা চাঁদ

- সাকিব জামাল


...! অভিমান করেছে ডায়েরির পাতা! কথা কয় না বহুদিন। আমি বলি। সে বলে না! ঐশ্বরিক আর লৌকিক দ্বন্দ্বের দ্বীপে আমি দৌড়াই, দৌড়াই দুই পাহাড়ের মাঝে- একটি ঝর্ণার খোঁজে। প্রাণবন্ত ঝর্ণা। বয়ে যেতে যার দ্বিধা নেই!

     তৃষ্ণা ভয়ঙ্কর মায়াবী, ভীষণ বেপরোয়া! যার কাছে হেরে যায় জামানার কত সাধক কতবার। অথচ চাতক ধর্ম মেনে আমি ঠিকই জল চেয়েছিলাম মেঘের কাছে। ঝর্ণার কাছে চেয়েছি প্রেম। তবুও ব্যর্থ ভালোবাসার কিতাব! 

     ইহকাল আর কতদিন...!

অমর একুশে

 অমর একুশে

- সাকিব জামাল


একুশ আমায় এনে দিল

    ভাষার স্বাধীনতা,

মায়ের ভাষায় কথা বলার 

     মুক্তির বারতা।

আঁধার ভেঙে শহীদ মিনারে

    সূর্য উঠলো লাল,

রক্তে কেনা বাংলা ভাষা

      বাঁচুক চিরকাল।