বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

স্বপ্নের দৈর্ঘ্য অসীম

স্বপ্নের দৈর্ঘ্য অসীম

জীবনের দৈর্ঘ্য সসীম, তবু অসীম দৈর্ঘ্যে স্বপ্ন দেখে মন!
স্বপ্নের অসীম দৈর্ঘ্যেই বেঁচে থাকে মানুষের আগামীক্ষণ ।
ভয় নেই! ভাঙে স্বপ্ন যতবার,
তার বহুগুণে, স্বপ্ন দেখো বারবার ।
স্বপ্ন দেখো মন, স্বপ্ন দেখো নিরবধি, পারো যতোক্ষণ!


উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র

উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র

কীভাবে আঁকা হয় উন্নয়নের ছবি?
কীভাবে লেখা হয় সমৃদ্ধির ইতিহাস?
নানা মুনির নানা মতে-
                         'মূলত' মতঃ শ্রমিকদের কথা!
দিনের পর দিন, রাতের পর রাত-
শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে দেহনিঃসৃত ঘাম
আর যথাযথ অধিকার না-পাওয়ার দীর্ঘশ্বাস মিশে হয়
রঞ্জক পদার্থ ইতিহাসের পাতায়, সময়ের সাথে সাথে-  
একটু একটু করে আঁকা হয় উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র ।

করোনাযুদ্ধ এবং পূর্বপুরুষদের কথা

করোনাযুদ্ধ এবং পূর্বপুরুষদের কথা

তোমার পূর্বপুরুষদের কথা ভাবো-
দুঃখ কমে আসবে, পাবে সংগ্রামী শক্তি ।
বেশিদিন আগের কথা না!
তোমার পূর্বপুরুষ প্লেগ মোকাবিলা করেছে ।
তোমার পূর্বপুরুষ বসন্ত মোকাবিলা করেছে ।
মোকাবিলা করেছে কলেরা, যক্ষ্মা ।
মোকাবিলা করেছে শত শত ভয়ঙ্কর ভাইরাস, ব্যাকটেরিয়াসহ কতো কতো জীবাণু!
তুমি সাহস রাখো মনে তোমার পূর্ব পুরুষদের মতো ।
অবশ্য তাদেরও কিছু কিছু স্বপ্ন ভেঙেছে, কিছু কিছু প্রিয়জন হারিয়েছে!
কিন্তু থেমে যায়নি পথচলা...
সভ্যতা ধ্বংস হতে দেয়নি তারা!


মন বলে, চলমান এ করোনাযুদ্ধে-
তুমিও জিতবে তোমার পূর্বপুরুষদের মতো ।

শত্রু চেনার সময় হয়েছে!

শত্রু চেনার সময় হয়েছে!

মিলিয়ন মিলিয়ন ভাইরাস ব্যাকটেরিয়ার সাগরে
বাস করে মানুষ জন্ম থেকেই।
ক্যান্সার, এইডস্, ডায়াবেটিস, হৃদরোগ...
অসংখ্য রোগের সাথে বসবাস কতোকাল কতোজনের।
দৃশ্যমান, অদৃশ্য এসব শত্রু চেনে না মানুষ!
উল্টো বোকারদল, মানুষ, শত্রু সাব্যস্ত করে মানুষকে!
ভাইবোনদের হত্যাযজ্ঞে মাতে ভাইবোন!
সভ্যতার বয়সতো কম হলো না-
অথচ, মানুষ চিনলো না তাদের শত্রু কে?


হে পৃথিবীর মানুষসকল, জাগো,
তোমাদের আসল শত্রু চেনার সময় হয়েছে।

দীর্ঘ ঝড়োবেলায় প্রার্থনা

দীর্ঘ ঝড়োবেলায় প্রার্থনা

সময়ে সময়ে জীবনে কতো ঝড় আসে!
কিছু ঝড় কৃত্রিম, মানুষের সৃষ্টি,
কিছু ঝড় প্রাকৃতিক, রহস্যময়।  
কোনটি অজানা উৎসের দমকা হাওয়া,
কোনটি জানা উৎসের আচমকা ধাওয়া!
তবে সব ঝড়েরকাল স্বাভাবিক স্মৃতিতে থাকে কমবেশি,
অবশ্য কিছু স্মৃতি দীর্ঘ হয় আমৃত্যু পর্যন্ত!
জন্মসূত্রে মানুষ কী আশ্চর্য অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত,
ঝড়োস্মৃতি গোপন রেখে মনে
এগিয়ে  চলতে জানে
শেষ নিঃশ্বাস পর্যন্ত!


চলমান দীর্ঘ ঝড়োবেলায় প্রার্থনাঃ
"বর্তমান দুঃসময় সবার জীবনে দ্রুত অতীত হয়ে যাক,
এগিয়ে চলা যেন না-থামে কারো!"