শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নান্দনিক কামনা

 নান্দনিক কামনা

- সাকিব জামাল


এক একটা ক্লান্ত বিকেল, ভালোবাসার উচ্ছাসে

হেটে হেটে চলে সন্ধ্যারঙের নেশায়

রাত্রির মায়ায় ঘোর প্রবণ।

কর্পোরেটাক্রান্ত দিনে- 

যান্ত্রিকতায় প্রেম ফ্যাকাশে, ক্লিশে!

দিনান্তে, পাখিদের নীড়ে ফেরার গানেই মাদকতা বেশি!

বিরহদগ্ধ চৈতালি ক্ষণে, এমন এক পশলা মাদকতা নিয়ে 

আমিও ফিরে ফিরে আসি- তোমার ঘরে।

পরানের গহীনে তখন মেঘ ডেকে যায়

অসীম আকাঙ্খায়, যদি একটু বৃষ্টি হয়- রাতে!

শনিবার, ৯ মার্চ, ২০২৪

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক,

আমার জন্যে-

          তোমার পৃথিবীর

                    নিয়ম নীতি রহিত করা হোক!


আমি হেটে বেড়াবো 

           ঘুরে বেড়াবো 

                       কোন বাধা না-মেনে

আমি কথা কবো

         গান গাইবো

                     কোন সুর না-জেনে

এসব নিয়ে তোমার মনে অস্বস্তি যেন না-হোক!

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক।।


আমি ভালোবাসবো

         বন্ধু হবো

                  কোন হিসেব না-করে

আমি জীবন চালাবো

            সময় কাটাবো

                  কোন দুঃখপ্রেমীর ঘরে

এসব নিয়ে তোমার মাথা ব্যথা যেন না-হোক!

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক।।



ও চাঁদ, লও নৈবেদ্য- এই দেহ!

 ও চাঁদ, লও নৈবেদ্য- এই দেহ!

- সাকিব জামাল


বসন্ত হাওয়ায় নিস্তব্ধ মধ্যরাতে হঠাৎ

ভেসে আসে পূর্ণ-জোছনাসমেত একখানা চাঁদ। 

চিলেকোঠায় নৈসর্গিক নৈবেদ্য সাজাই আমার দেহ!

চুলবন্ধনী খুলে দেই 

লম্বা দাড়িতে মাখি সুরভি

চোখে সুরমা লাগাই 

অতঃপর গান ধরি,

আমি অপার হয়ে বসে আছি...

হয়তো লোভে, জেগে ওঠে কামনার ঘ্রাণ! 

হারিয়ে যায় চাঁদ, সাঁইজি'র চাঁদ। 

বিচলিত হয়ে পড়ি আমি, তবুও 

বারো চান্দের ফজিলত খুঁজি- তোমার মাঝে!কবিতা:: ও চাঁদ, লও নৈবেদ্য- এই দেহ!

শুক্রবার, ১ মার্চ, ২০২৪

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

 টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

- সাকিব জামাল


গভীর রাত। বৃষ্টি নেমেছে। বসন্তের প্রথম বৃষ্টি।

আধো আধো ঘুম নিয়ে দু'চোখে বসে আছি।

বসে আছি কার অপেক্ষায় জানি না! 

জানি না, কেন বসে থাকি?

তবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে!

বসন্তদিনের এক সন্ধ্যায় আমাদের কথা হয়েছিল। 

কথা হয়েছিল ফিলোসফি'র তুমুল আড্ডায়। 

হঠাৎ বৃষ্টি! হারিয়ে গেলাম আমরা জলের খেলায়!

বিতর্কের বাঁকে বাঁকে আমি আস্থা রেখেছিলাম

কসমিক রিলেশনশিপে!

মেটাভার্সের যেথায় থাকি, সাইকোলজিকালি যদি 

ভাবনা থাকে এক। দেখা হবে আমাদের! 

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

নিঃসঙ্গ ডাহুকের গান

 নিঃসঙ্গ ডাহুকের গান 

- সাকিব জামাল


নক্ষত্রদের মেলা এড়িয়ে

আমি হতে চাই, এক নিঃসঙ্গ ডাহুক!

জলসিক্ত মমতার মাটি স্বদেশ আমার, 

শাপলা, কচুরিপানার সৌরভমাখা।

তোমরা অপছন্দ করো কবিতা?

তবে মেখে নাও নিয়নের রোশনাই-

অভিজাত শহরে, ইন্দ্রিয় গন্ধে অথবা গন্ধমে 

ভালোবাসা তোমাদেরই হোক!

আমি? বিরহ শেকড়ে; কবি। ডেকে ডেকে 

কন্ঠে ফোটাই রক্তরঙ-আপত্তিহীন!

----------