শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

মায়াঘর

 মায়াঘর

- সাকিব জামাল


একলা শালিখ আমি। উড়ে বেড়াই- 

তোমার বুকে বাসার খোঁজে। 

অনুমতি দাও, নারীবৃক্ষ!

তোমার তিন ডালের মোহনায়, 

ত্রিভুজ অনুভূতি ভেঙে- 

'একক এবং অদ্বিতীয়' 

একটি বাড়ির বন্দোবস্ত করি- 

ভালোবেসে। জন্ম থেকে জন্মান্তরে

দেখা হোক, আমাদের- 

শামস তাবরিজি'র ঘরে!

ঐক্য রঙ্গ রাজনীতি

 ঐক্য রঙ্গ রাজনীতি

- সাকিব জামাল


ক্ষমতায় যাবার ঘ্রাণ পেলেই 

কাছে আসে বাম-ডান,

সম্ভাবনা কিছুটা কমে গেলেই

ভিন্ন সুরে গায় গান!



নীতি আদর্শ ভুলে তারা 

নিত্য নতুন জোট গড়ে,

স্বার্থ হানি হলেই আবার 

ছুট যে মারে চট করে!



ক্ষমতা পাগল নেতা সকল 

এদিক সেদিক খায় দোল,

রাজনীতির এই ঐক্য দেখে

জনতার পায় হাসির রোল!

ডাহুক

 ডাহুক

- সাকিব জামাল


আমার হৃদয়পোড়া কাজল রঙে

রাঙাবো তোমার চোখ,

বুঝবে তখন, প্রিয়তমাকে না-দেখা

কতো বড় শোক!



এই শোকে- দিনমান জ্বলে 

তপ্ত সূর্য মন আকাশে!

এই শোকে- রাতভর চলে

বিরহ মাতম দীর্ঘশ্বাসে!



থাক, এসব ব্যাখ্যা আমার

আমার কাছেই থাক।

তবু বর্ষার দিনে প্রথম বৃষ্টিতে-

ডাহুক ডেকে যাক!

সত্তা

 সত্তা

- সাকিব জামাল


হৃদয় ডুবে যায়- দুই পাহাড়ের চুড়ায়।

মাঝ বরাবর দূরে, সঙ্গমরত নদীরা 

মাতে উৎসবে- পলিমাটির জলে!

সময় সঙ্গত করে 

নতুনের গানে। 

সভ্যতা ছুটে চলে 

সৃষ্টির রহস্যপথ বেয়ে।

বিগ ব্যাং এবং শিৎকারঃ 

সুরেলা সিমেট্রি। ভাষা খুঁজে পায়- 

কবিতা আর বিস্মিত বিজ্ঞান।

আবার আসবে বসন্ত

 আবার আসবে বসন্ত

- সাকিব জামাল


বেসুরো সময়। পত্রঝরা দিনকাল। 

অভিযোজনে ক্লান্ত প্রাণ।

নেড়ে বৃক্ষের মতো ভয়ার্ত মনে- 

বাজে বেদনার গান।



আবার কী ফিরবে স্বরূপ?

নাকি হবে স্বপ্নের তসরূপ!



ইতিহাস বলে, ভয় নেই। ভয় নেই!

আবার আসবে বসন্ত।

স্বপ্ন দেখো আপ্রাণ, অনন্ত। 

দুঃসময়ে- হারিয়ে ফেলো না খেই!