বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

অতঃপর অন্ধকার

অতঃপর অন্ধকার 
- সাকিব জামাল

'নো ট্রাস্ট' এর এই যুগে, আমি বিশ্বাস রেখেছিলাম
তোমার ভালোবাসায়, প্রতিক্রিয়াজ্ঞান ভুলে!
জ্বলেছিল মোমবাতি মনপাগলা ঘরে।
ধুপধুনোর ঘ্রাণ ছিল শ্বাস-প্রশ্বাসে। 
অথচ তুমি কামনার ডানা মেলেছো
নিরীহ পাখি শিকারে!
ছক মোতাবেক রাজকাহন শিখেছো বেশ।
রপ্ত করেছো ইনোভেটিভ অর্থনীতির রকমফের।
এলার্জিক ইফেক্টে, এখন
দম বন্ধ আমার। ঘোর অন্ধকার। বিব্রতকর ক্লেশ!

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

গেরুয়া রঙের রাতে

 গেরুয়া রঙের রাতে

- সাকিব জামাল


যখন বৃষ্টি নামে রাতে, 

গেরুয়া রঙের কদম ফোটে মনে।

রেণুময় ভেজা বাতাস বয়ে চলে

ভীষণ এলোমেলো- নীল আকাশের বারান্দায়!

এমন সময়ে তুমি, 

যদি খুলে দাও শাড়ির জানালা তোমার, 

দেখবে, একটি চড়ুই, ভাঙা বাসার বেদনা নিয়ে-

এসেছে তোমার ঘরে, অসহায় চোখে!

ইচ্ছে হলে, এই বর্ষায়, বীজ বুনতে পারো- 

আউশ ধানের ক্ষেতে!

একদা বৃষ্টির বারামখানায়

 একদা বৃষ্টির বারামখানায়

- সাকিব জামাল


রুফটপ মেঘের উপরে, বৃষ্টির বারামখানা।

ঝিকিমিকি বিজলীবাতি জ্বলে। 

একখণ্ড কালো বরফ চেয়ারে- 

আমি বসে আছি পেখম মেলে! 

সন্ধ্যায় বলেছিলো মন, কবিতা আসবে ঘনরাতে। 

অপেক্ষায় আছি। হঠাৎ দেখি, জলের আগুনে,

দুটো চড়ুই ভস্ম হয়ে গেলো-

ক্ষণকালের প্রেমে।

কী ভয়ঙ্কর সুন্দর যুদ্ধক্ষেত্র!

নফসঃ নেগেটিভ/পজিটিভ/স্পার্ক।

ঈশ্বরকে বললাম, আমাকে লুকিয়ে নাও-

মেঘের কফিনে। নুর খুঁজি বাকি জীবন!

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বিরহ বিলাস

 বিরহ বিলাস!

- সাকিব জামাল


নীড়হারা পাখিদের সাথে,

বিরহের উৎসবে শামিল হবো বলে-

রাত জেগে থাকি, একা!

ধীরে ধীরে রাত, একাকীত্বের স্পর্শে- 

উত্তেজিত হয়! আসে জোনাকির দল।

পাখিরা জলসা বসায় আমার ঘরে।

বিধবা নারীর মতো নিজেকে ভেঙেচুরে- 

সময় গভীর হয়। তারপর, 

গাঢ় আঁধারে, দুঃখতমা'র হাতে-

শরাব পানে তুমুল মাতাল হই আমি!

-------

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

 ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

- সাকিব জামাল


অথচ কেবল তুমি সামনে এলে, ভিনাস্ট্রাফোবিয়ায়-

আমি ভুগি সাইকোলজিকাল অ্যাফাসিয়ায়!

মনের কথা মনে থাকে, মস্তিষ্কজুড়ে- 

শুধু কল্পনার কোলাজ ঘুরপাক খায়।



একদিনের কথা বলি...



আমাদের দেখা হয়েছিল, অলস বৃষ্টির দুপুরে।

হতে পারতো তুমুল কথার উৎসব!

কিন্তু সবকিছু ভুলে, আমি ডুবেছিলাম-

যুগল গানে ময়ূরীর মায়াবী নাচে।

কদমফুল ঢেকে রাখা পাতার খাঁজে।

টিনএইজ ডাহুকদের লুকিয়ে যাওয়া বনে!



কতো স্বপ্ন, কতো প্রেম, কতো সঙ্গমচিত্র

আমাদের চোখের সামনে ছিল, 

তবুও মুখ খোলেনি- আমার চুপকথারা!