বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

ধ্যানবিন্দু

 ধ্যানবিন্দু

- সাকিব জামাল


আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

তুমি কথা কও নিরবে। তোমার কথার 

রহস্যপথ ধরে আমি ধ্যান করি; 

ধ্যান করি আকাশে ওড়বার। 

নীল শূণ্যতার মাঝে 

কী দারুণ পালঙ্ক এক! 

থাকতে চাই ওখানে বাকি কাল।

সম্ভব? সম্ভব না? দ্বিধায় ডুবে রই!

ডুবে যাই, আমি শুধু ডুবে যাই...

আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

গোলাপ জ্বালা

 গোলাপ জ্বালা

- সাকিব জামাল


বকুল ফুলে কেমন যেন 

বিরহ ঘ্রাণ পাই!

মালা নয় প্রিয়, গোলাপের 

জ্বালা দিও তাই!

কাঁটায়, জ্বালায় 

তেমন ভয় নেই আমার 

সইতে পারি বেশ!

তবু থাকুক প্রেম

বাঁচুক প্রেম

হোক বিরহ নিরুদ্দেশ।

সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

নাগরিক পত্র

 নাগরিক পত্র

- সাকিব জামাল


তোমার চোখে তাঁকিয়ে-

শব্দহীন কত কথা বলে যাই আমি!

তুমি বুঝে নিও বাতাসের কম্পন।

বুঝে নিও ডপলার ইফেক্ট। 

যদি তুমি চাও, আমার চুপকথারা 

মুখর হবে স্বাধীনতার গানে 

ভালোবাসার রাজপথে!

পাশাপাশি হেটে যাব আমরা বহুদূর

সুশাসনের স্মার্ট সড়কে!

ছুটি

 ছুটি

- সাকিব জামাল


তোমার প্রিয় পথে উড়ে যাও পাখি, 

উড়ে যাও দূরে, যত খুশি উড়ে যাও।

বেলা শুরুর গানের কথা ভুলে যাও, 

ভুলে যাও দ্রুত, যত ইচ্ছে ভুলে যাও।



তবু মনে রাখবো আমি, মনে রাখবো একা,  

সবুজ বৃক্ষ। খড়কুটোর ওম। যৌথ ভ্রমন। 

মনে রাখবো, দিনের খুনসুটি। রাতের কূজন। 

বসন্তকাল। আর হংস-মিথুনের গল্প কথা!



অতঃপর, মাটির মায়ায়, একদিন

মিশে যাবো সময়ের প্রান্তিক ঘাসে,

একদম অভিযোগহীন!

হবে না দেখা আর গোলাপের সাথে!

--------

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

ফিলিস্তিন

 ফিলিস্তিন

- সাকিব জামাল


টুকরো টুকরো পাথরে বোনা স্বাধীনতার স্বপ্ন 

কচি ঘাসের গায়ে লেগে থাকা রক্তের দাগ

তোমরা বোঝ না? 

তোমরা বোঝ না, কতোটা অধিকারহারা হলে

আপন সন্তানের মৃতমুখ দেখেও

বাবা বলে ওঠেন, "হে আরশের মালিক,

তবুও আমার পরিচয়টুকু নিশ্চিত করো!"


অথচ তোমরা পাথরের টুকরোগুলোকে 

ভয়ঙ্কর বলো বোমারু বিমানের চেয়ে!

তাদের পক্ষে জলসা বসাও। সংঘ করো।

সন্ত্রাসবাদের তকমা দিয়ে- 

অস্বীকার করো স্বাধীনতার সংগ্রাম।

অন্যান্য মানবাধিকারের হিসাব দূরে থাক!

শুধু এতোটুকু হিসাব করো,

কে কতজন মানুষ মেরেছে, 

কে কতোটা দখলবাজ?


তবে, জেনে রেখো, একদিন এইসব পবিত্র পাথরের টুকরোই

আল-আকসাকে মুক্ত করার জন্য যথেষ্ট হবে!

--------

কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।