শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ

 আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

- সাকিব জামাল


দিন, দিনান্তে-

সুখটুকু নিয়ে উড়ে যায় সময়পাখি,

দুঃখেরা উৎসবে মাতে আমার বারান্দায়।

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

শ্রীহীন ধুসর ক্যানভাসে,

সেনহীন, আমি আঁকি- 

একলা শালিখের বিরহবোধ।

কমলালেবুর গন্ধ সাথে, 

একটি নদী বয়ে চলে- 

সভ্যতারূপে, অবিরাম একাকী!

শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ধর্মফুল

 ধর্মফুল

- সাকিব জামাল


তোমার ধর্মফুলের সৌরভে- 

মুগ্ধ যত মানুষ, ততো সুন্দর তুমি, 

ততোটা নিকটবর্তী স্রষ্টার ভালোবাসার।

আর যদি অমানবিকতার সংক্রমণে-

সৌরভ রূপ নেয় দুর্গন্ধে, 

দূরে দূরে থাকবে সবাই।

ঘৃণা জিতে যাবে!

অথচ, জীবনবৃত্তান্ত পড়ে দেখো, 

ঘৃণা নয়, ভালোবাসা অর্জন করাই ছিল-

তোমার ধর্মগুরুর কাজ।



এবার, উত্তর ভেবো, তোমার ধর্মফুল-

সৌরভমাখা নাকি দুর্গন্ধময়?

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ডিয়ার কমরেডস

 ডিয়ার কমরেডস

- সাকিব জামাল


ডিয়ার কমরেডস, দেখো, সবুজ চত্বরগুলো-

ধীরে ধীরে হলদে-তামাটে হয়ে নিশ্চিহ্নপ্রায়।

শোষক একনায়ক ইউক্যালিপ্টাসে ঘিরে ধরেছে!

আলোক অধিকারহীনে ফুটছে না রঙিন ঘাসফুল।

নিরীহ লতা-গুল্মকুঞ্জ অনুর্বর ভূমিতে অসহায়।

হতাশায় ডুবে আছে ছোট ছোট বৃক্ষদল।

পৃথিবীর প্রান্তরে প্রান্তরে-

ইউক্যালিপ্টাস উপড়ে ফেলে, ছুটে চলো তাই-

সবুজ সমাজ রক্ষার দুরন্ত কৃষক হয়ে!

সাম্যতার ভূমিতে বাঁচুক- ঘাস, লতা, গুল্ম, গাছ।

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ত্রয়ী উপন্যাস

 ত্রয়ী উপন্যাস!

- সাকিব জামাল


তোমাকে নিবেদন করেছিলাম-

ভালোবাসার একগুচ্ছ কবিতা।

ফিরে ফিরে তুমি উপহার দিলে- 

কষ্টের গল্পসমগ্র।

সেসব প্রাক্তন কবিতা, 

সেসব প্রাক্তন গল্প,

তোমার বর্তমানের কাছে গোপন রাখা-

কী নিপুন ত্রয়ী উপন্যাস!

শহুরে সাপ এবং মা

 শহুরে সাপ এবং মা!

- সাকিব জামাল


ছেলেবেলায়, দুষ্টুমি শেষে, মায়ের বকা এড়াতে- 

একদিন ঝোপের আড়ালে লুকিয়েছিলাম।

হঠাৎ, দেখি সাপ! 

'মা' বলে চিৎকার করে- 

আবার ফিরে গিয়েছি মায়ের কোলে। নিশ্চিন্তপুর।



এখন শহুরে আবাস, ঝোপজঙ্গল নেই, সাপ আছে!

অথচ, বড়বেলার দুর্ভাগ্য-

মা গ্রামে। কাছে নেই। চিৎকার করে লাভ নেই!

রোজ সাপের কামড় খেয়ে চলছি...

ক'দিন সইতে পারবো, জানি না। চিন্তিত অন্তরপুর।